ঝিনাইদহ প্রতিনিধি : শহরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৬০) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে শহরের মার্কাজ মসজিদ এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম মাগুরার শালিখা উপজেলার শাপাটি গ্রামের বাসিন্দা বজলুর রহমানের ছেলে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃতুঞ্জয় বিশ্বাস জানান, পঞ্চগড় থেকে বালুবোঝাই একটি ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। একই সময়ে মাগুরা থেকে বিচুলি বোঝাই করে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বিচুলি বোঝাই ট্রাকের চালক রবিউল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, রবিউল ইসলাম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।
রিপোর্টার্স২৪/এসএন