রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নতুন করে জোরালো ইঙ্গিত দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তার দাবি ২, ৪ কিংবা ১০ দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরতে পারেন, যদি না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে নিতে হয়।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় অভি উল্যাহ ভূঁইয়া বাড়ির সামনে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এ্যানি এসব কথা বলেন। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
এ্যানি বলেন, তারেক রহমান দেশের বাইরে আছেন, আমরাও তার অপেক্ষায় আছি। ম্যাডামের (খালেদা জিয়া) শরীর এখনও স্থিতিশীল নয়। যদি তাকে আবার বিদেশে নিতে হয়, তাহলে ছেলেকে লন্ডনেই থাকতে হবে। কিন্তু যদি এমন পরিস্থিতি না আসে, তাহলে তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরে আসবেন।
তিনি আরও অভিযোগ করেন, এবারের নির্বাচন হচ্ছে একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে কঠিন লড়াই। এ্যানির ভাষায় আওয়ামী লীগ পালিয়ে গেছে। জনগণের ওপর অত্যাচার-নির্যাতন করে ভোট করানোর যে পরিবেশ তারা সব সময় তৈরি করত, এবার তা আর নেই। দেশে বহু দল নির্বাচন করছে, বিএনপিও করছে। জনগণকে বোঝাতে হবে যে জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া এবং আগামীতে তারেক রহমান এই নেতৃত্বই দেশের পাশে দাঁড়াবে।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/ঝুম