গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ কে এম বাবর আলী বলেছেন, আমাদের নেতা, তারুণ্যের অহংকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে বাংলাদেশে আর কোনো নাগরিককে সংখ্যালঘু হিসেবে দেখা হবে না। সকল ধর্ম–বর্ণের মানুষ সমান অধিকার ও পূর্ণ নিরাপত্তা ভোগ করবেন।
বুধবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় দ্বীননাথ উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর গোপালগঞ্জের হিন্দু–সনাতনী ধর্মাবলম্বী অধ্যুষিত বৌলতলী, সাহাপুর, সাতপাড়, রাহুথড় ও সিংগা ইউনিয়নের জনগণকে নিয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাঃ বাবর আলী বলেন, আমি নির্বাচিত হতে পারলে এবং আমাদের দল ক্ষমতায় যেতে পারলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাটসহ সব সেক্টরে ব্যাপক উন্নয়ন ঘটানো হবে। এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা হবে। চিকিৎসার জন্য আর কাউকে বাইরে যেতে হবে না। হয়রানি থেকে মানুষ সম্পূর্ণ মুক্ত থাকবে।
হিন্দুপ্রধান ইউনিয়নগুলোতে একটি করে মডেল মন্দির স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন,সাহাপুর ইউনিয়নের আমার হিন্দু ভাইদের একটি সম্পূর্ণ মৌজার জমি বহুদিন ধরে ভিপি হিসেবে রয়েছে। আমি নির্বাচিত হলে এই দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান করব, যাতে মালিকেরা স্বাভাবিকভাবে কেনাবেচা করতে পারেন।
সভায় সভাপতিত্ব করেন সাতপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি যুগল বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন, সিংগা ইউনিয়ন বিএনপি নেতা তাপস সরকার, সাতপাড় ইউনিয়ন বিএনপি নেতা বিভূতি বিশ্বাস ও সাতপাড় ইউনিয়ন চেয়ারম্যান এবং বিএনপি নেতা প্রণব বিশ্বাস বাপী।
রিপোর্টার্স২৪/মিতু