রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬-কে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করতে বাংলাদেশ পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে এবং তুচ্ছ ঘটনায় জনদুর্ভোগ সৃষ্টির কোনো সুযোগ দেয়া হবে না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সভায় রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি বাহারুল আলম জানান, জুলাই-পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পুলিশকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। তবে এখন আমরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষায় পূর্ণ সক্ষমতা অর্জন করেছি।
আইজিপি সতর্ক করেন, ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে রাস্তা বা মহাসড়ক অবরোধ করে অস্থিরতা সৃষ্টি করার প্রবণতা বন্ধ করার সময় এসেছে। তিনি বলেন, সব জায়গায় শৃঙ্খলা ও অর্ডার প্রতিষ্ঠিত না হলে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়বে।
নির্বাচন কমিশনের পদক্ষেপের প্রশংসা করে আইজিপি বাহারুল আলম বলেন, ইলেক্টরাল ইনকোয়ারি কমিটিকে সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক অপরাধ বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা সময়োপযোগী। প্রয়োজনে ম্যাজিস্ট্রেটরা পুলিশের সহায়তা নিতে পারবেন। এই ব্যবস্থা নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করবে।
সভায় আইজিপি মাঠ পর্যায়ের রদবদল নিয়ে কমিশনের কাছে স্পষ্টীকরণ চান। তিনি বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের বদলির বিষয়ে কমিশনের নির্দেশনা থাকে। তবে কনস্টেবল বা সাব ইন্সপেক্টরের মতো নিম্নপদে রদবদলের ক্ষেত্রে কমিশনের অনুমতি প্রয়োজন কি না, সে বিষয়ে পরিষ্কার নির্দেশিকা থাকা জরুরি।
আইজিপি বাহারুল আলম আশ্বাস দেন, পুলিশ তার সর্বশক্তি ও সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এবারের নির্বাচন সফল ও শান্তিপূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশবাসী ও নির্বাচন কমিশন আমাদের ওপর পূর্ণ আস্থা রাখতে পারেন, যোগ করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রিপোর্টার্স২৪/ঝুম