| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিয়ামিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

গুরুতর আহত লিওনেল মেসির বোন মারিয়া সোল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১৫:০১:০০:অপরাহ্ন  |  ৮৫৪৫১৫ বার পঠিত
গুরুতর আহত লিওনেল মেসির বোন মারিয়া সোল

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন ফুটবলের বিশ্বতারকা লিওনেল মেসির পরিবারের জন্য উদ্বেগজনক খবর এসেছে যুক্তরাষ্ট্র থেকে। মেসির বোন মারিয়া সোল মেসি মিয়ামিতে একটি গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হলেও বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পরিবার।

আর্জেন্টিনার প্রভাবশালী দৈনিক লা নাসনসহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিয়ামিতে এসইউভি গাড়ি চালানোর সময় হঠাৎ শারীরিক অসুস্থতায় পড়েন মারিয়া সোল। সেই মুহূর্তে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে।

চিকিৎসা সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় মারিয়া সোলের দুটি কশেরুকা ভেঙে গেছে। পাশাপাশি তার গোড়ালি ও কব্জিতে ফ্র্যাকচার হয়েছে এবং শরীরের কয়েকটি স্থানে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে। দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

পরিবার সূত্র জানায়, প্রাথমিক চিকিৎসা শেষে মারিয়া সোল ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনার রোসারিওতে ফিরে গেছেন। সেখানে পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে তার দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া চলবে। মেসির মা গণমাধ্যমকে জানিয়েছেন, মেয়ের সুস্থ হয়ে ওঠার পুরো সময়টাতে পরিবার তার পাশে রয়েছে এবং চিকিৎসার বিষয়ে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।

দুর্ঘটনার কারণে মারিয়া সোলের ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন এসেছে। আগামী ৩ জানুয়ারি তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পাত্র ছিলেন ইন্টার মিয়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচ জুলিয়ান তুল্লি আরেলানো। তবে দুর্ঘটনা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের প্রয়োজন হওয়ায় আপাতত বিয়ের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

পেশাগত জীবনে মারিয়া সোল মেসি একজন পরিচিত ফ্যাশন ডিজাইনার। তিনি নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড পরিচালনা করেন এবং বিভিন্ন সময় ভাই লিওনেল মেসির সঙ্গে সংশ্লিষ্ট কিছু সৃজনশীল প্রকল্পেও যুক্ত ছিলেন। তবে তিনি বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন এবং গণমাধ্যমের আলোচনার বাইরে থাকেন।

এ ঘটনায় এখন পর্যন্ত লিওনেল মেসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে মেসি পরিবারঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, পরিবারের সবাই এই মুহূর্তে মারিয়া সোলের দ্রুত সুস্থতার দিকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪