| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবানের হুঁশিয়ারি ইশরাকের

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৫ ইং | ১০:২০:৪১:পূর্বাহ্ন  |  ১৭৫৭৪৮৭ বার পঠিত
মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবানের হুঁশিয়ারি ইশরাকের
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : দ্রুততম সময়ের মধ্যে শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলনকে আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারকে তিনি এ হুঁশিয়ারি দেন।

ইশরাক হোসেন বলেন, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। আদালত সিদ্ধান্ত দেওয়ার পরও তারা গড়িমসি করছে। আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননাকর।

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের শেষ সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা নিজেদের সংশোধন করেন।

এ সময় প্রশ্ন রেখে এই বিএনপি নেতা বলেন, সরকার একজন মেয়রকে শপথ পড়াতে যেভাবে ব্যর্থ হয়েছে, তারা ভবিষ্যতে নির্বাচিত তিনশ এমপিকে কীভাবে শপথ পড়াবেন?

এর আগে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি) বলে আদেশ দেন হাইকোর্টের আপিল বেঞ্চ।

বৃহস্পতিবার (২৯ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এ পর্যবেক্ষণ দেন।

তার আগে, বুধবার (২৮ মে) ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজের যে আদেশ হাইকোর্ট দিয়েছিলেন, তার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি হয়। আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন গত ২২ মে হাইকোর্ট সরাসরি খারিজ করে দেন। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালত বলেন, রিটকারী আইনজীবী মামুনুর রশিদের এ ধরনের রিট করার এখতিয়ার নেই, এই যুক্তিতে আবেদনটি খারিজ করা হয়। তবে, হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে গত সোমবার আপিল বিভাগে আবেদন করেন রিটকারী আইনজীবী মামুনুর রশিদ। যেখানে হাইকোর্টের আদেশ স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪