স্টাফ রিপোর্টার: পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে বাহিনীর বর্তমান নেভি ব্লু শার্ট বহাল থাকছে, তবে প্যান্ট হবে খাকি রঙের।
সোমবার দুপুরে সচিবালয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, সারা দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে বিদ্যমান পোশাক নিয়ে কেউই সন্তুষ্ট না। এই পোশাকটা ব্যাপকভাবে গ্রহণযোগ্যও হয়নি। তাই পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টি বিবেচনা করেছি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একটি ঐতিহ্যবাহী ও মানানসই পোশাক দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। সে অনুযায়ী শার্টের রং আগের মতোই রাখা হলেও প্যান্টে খাকি রং নির্ধারণ করা হয়েছে।
নতুন পোশাক পরতে কিছুটা সময় লাগবে জানিয়ে তিনি বলেন, প্রস্তুতি, কাপড় তৈরি ও সরবরাহের কাজ সম্পন্ন করতে সময় প্রয়োজন।
এর আগে পুলিশ প্রশাসন নতুন পোশাকের পাঁচ ধরনের রং সরকারের কাছে উপস্থাপন করে। সেখান থেকে নেভি ব্লু শার্ট ও খাকি প্যান্টের নকশা চূড়ান্ত করা হয়।
পুলিশ প্রশাসনে সাম্প্রতিক বদলি, বাধ্যতামূলক অবসর এবং মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব প্রশাসনিক সিদ্ধান্ত নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং আইনের আওতায় থেকেই সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।