রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: আর মাত্র একদিন পরই পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নতুন আসরের। আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট, যেখানে অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। নতুন মালিকানায় এবছর প্রতিযোগিতায় নামছে চট্টগ্রাম রয়েলস।
প্রথমে প্রধান কোচ হিসেবে দেশি ক্রিকেটার মমিনুল হক এর নাম ঘোষণা করলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে বিদেশি কোচ নিয়োগের পথে হাঁটে চট্টগ্রাম। গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জাস্টিন মাইলস ক্যাম্প-কে প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
৪৮ বছর বয়সী ক্যাম্প ছিলেন প্রোটিয়া দলের বোলিং অলরাউন্ডার। খেলোয়াড়ি জীবনে তিনি ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়েও দক্ষতা দেখিয়েছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ। এছাড়া আইপিএল, সিপিএল ও ভাইটালিটি ব্লাস্টসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। ২০১৫ সালে তিনি পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন।
তবে বিপিএল শুরুর ঠিক আগমুহূর্তে চট্টগ্রামের প্রধান কোচের আসা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনো নিশ্চিত করা যায়নি তিনি কবে বাংলাদেশে পৌঁছাবেন। দলের একটি সূত্র জানিয়েছে, জাস্টিন ক্যাম্পের টিকিট এখনো চূড়ান্ত হয়নি, যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট।
এদিকে, প্রধান কোচের অনুপস্থিতিতে চট্টগ্রাম রয়েলসের মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান।
চট্টগ্রাম রয়েলসের স্কোয়াড:
শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম।
বিপিএলের মতো বড় আসরের শুরুতে প্রধান কোচের উপস্থিতি নিশ্চিত না হওয়ায় চট্টগ্রামের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে।
রিপোর্টার্স২৪/ঝুম