| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস জঙ্গিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৩:৫১:২৩:অপরাহ্ন  |  ২৯০৯১৮ বার পঠিত
উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস জঙ্গিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)–এর জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নাইজেরিয়া সরকারের অনুরোধেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। তাদের দাবি, ওই অঞ্চলে খ্রিস্টানদের লক্ষ্য করে সহিংস হামলা চালাচ্ছিল আইএস।

ক্রিসমাস দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আজ রাতে সর্বাধিনায়ক হিসেবে আমার নির্দেশে যুক্তরাষ্ট্র উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্তিশালী ও প্রাণঘাতী হামলা চালিয়েছে। তারা মূলত নিরীহ খ্রিস্টানদের লক্ষ্য করে নৃশংসভাবে হত্যা করছিল যার মাত্রা বহু বছর, এমনকি শতাব্দীর মধ্যে দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) জানায়, নাইজেরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সোকোটো রাজ্যে এই হামলা চালানো হয়। এতে আইএসের একাধিক জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, এটি একটি যৌথ অভিযান, যার লক্ষ্য ছিল সন্ত্রাসীরা। তিনি জোর দিয়ে বলেন, এর সঙ্গে কোনো নির্দিষ্ট ধর্মের সম্পর্ক নেই।

আইএসের নাম উল্লেখ না করেই তুগার জানান, এই অভিযান দীর্ঘদিন ধরেই পরিকল্পিত ছিল এবং এতে নাইজেরিয়ার দেওয়া গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে আরও যৌথ হামলার সম্ভাবনা নাকচ করেননি তিনি। বলেন, এটি দুই দেশের নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

এই হামলার আগে গত অক্টোবরের শেষ দিকে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, নাইজেরিয়ায় খ্রিস্টানরা ‘অস্তিত্বগত হুমকির’ মুখে রয়েছে। তিনি দেশটিতে খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বন্ধে ব্যর্থ হলে সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়েছিলেন।

রয়টার্স এর আগে জানিয়েছিল, গত নভেম্বরের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার বিস্তীর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি ফ্লাইট পরিচালনা করে আসছিল।

নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। এতে গোয়েন্দা তথ্য বিনিময় ও কৌশলগত সমন্বয়ের মাধ্যমে জঙ্গি গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, এই সহযোগিতার ফলে উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের লক্ষ্য করে নির্ভুল বিমান হামলা সম্ভব হয়েছে।

পেন্টাগনের প্রকাশিত এক ভিডিওতে যুদ্ধজাহাজ থেকে অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, পরিচিত আইএস ঘাঁটিতে অবস্থানরত একাধিক জঙ্গিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে নাইজেরিয়া সরকারকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আরও অভিযান আসছে।

নাইজেরিয়া সরকার বরাবরই বলে আসছে, সশস্ত্র গোষ্ঠীগুলো মুসলিম ও খ্রিস্টান—উভয় সম্প্রদায়কেই লক্ষ্য করে হামলা চালায়। দেশটির মতে, কেবল খ্রিস্টান নির্যাতনের বিষয়টি তুলে ধরা নিরাপত্তা পরিস্থিতির জটিল বাস্তবতাকে পুরোপুরি প্রতিফলিত করে না। তবে জঙ্গি দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা জোরদারে তারা সম্মত হয়েছে।

নাইজেরিয়ার জনসংখ্যার একটি বড় অংশ উত্তরাঞ্চলে বসবাসকারী মুসলিম এবং দক্ষিণাঞ্চলে বসবাসকারী খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে বিভক্ত।

এদিকে বৃহস্পতিবার নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অঞ্চলটি দীর্ঘদিন ধরেই ইসলামপন্থী বিদ্রোহীদের সহিংসতায় বিপর্যস্ত।

ক্রিসমাস উপলক্ষে দেওয়া এক বার্তায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দেশজুড়ে শান্তির আহ্বান জানিয়ে বলেন, বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে শান্তি বজায় রাখা জরুরি।” তিনি আরও বলেন, “খ্রিস্টান, মুসলিমসহ সব নাইজেরিয়ানকে সহিংসতা থেকে রক্ষা করতে এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।  রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪