ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ সংসদীয় আসনে (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) বিএনপির জোটপ্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় বিএনপি। তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টুর সমর্থকদের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের মেইন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখানে বক্তারা রাশেদ খাঁনকে বহিরাগত আখ্যা দিয়ে ঝিনাইদহ-৪ আসনে তাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে ঘোষণা দেন। একই সঙ্গে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে বিএনপির নিজস্ব প্রার্থী মনোনয়নের দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাশেদ খাঁন এই আসনের বাসিন্দা নন। কয়েক দিন আগেও তিনি ঝিনাইদহ-২ আসনে গণসংযোগ করেছেন। অর্থের বিনিময়ে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তাকে কালীগঞ্জবাসীর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, গত ১৭ বছরে আমরা হামলা-মামলা সহ্য করেছি। এই আসনের তিনজন বিএনপি নেতা নিয়মিত নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ হঠাৎ করে একজন বহিরাগতকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির তিনজন প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু বিএনপির কাউকে মনোনয়ন না দিয়ে একজন বহিরাগতকে চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের নেতা তারেক রহমান আরও দুদিন আগে দেশে এলে হয়তো এমন পরিস্থিতি তৈরি হতো না।
অপর মনোনয়নপ্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু বলেন, আমরা দীর্ঘদিন কালীগঞ্জের রাজনীতির সঙ্গে যুক্ত। আমার স্বামী এখানকার চারবারের সংসদ সদস্য ছিলেন। কালীগঞ্জ ধানের শীষের ঘাঁটি। কোনো ষড়যন্ত্র করে এই আসন হাতছাড়া করতে দেওয়া হবে না।
বিক্ষোভকারীরা দ্রুত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
রিপোর্টার্স২৪/এসসি