রিপোর্টার্স২৪ ডেস্ক: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভকে কেন্দ্র করে কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন।
শ্রমিকদের অবরোধের কারণে রাজধানীর মিরপুরসহ ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গুরুত্বপূর্ণ এসব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, সাধারণ যাত্রী ও বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বের হওয়া পরিবহনযাত্রীরা।
মিরপুরে মজুরি বোর্ডের সভা স্থগিত এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকেই বিক্ষোভে নামেন পোশাকশ্রমিকরা। পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে অনেক শ্রমিক বাসায় না ফিরে আন্দোলন চালিয়ে যান। একপর্যায়ে প্রায় এক হাজারের বেশি শ্রমিক পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের সড়কে অবস্থানের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পুরো এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অবরোধের কারণে সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন ঘটে।
অন্যদিকে সাভারের হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কের পদ্মার মোড় এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর ওই এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার মালিকপক্ষ মঙ্গলবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।
একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা ধরে শ্রমিকদের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে ওই সড়কে চলাচলকারী যানবাহনগুলো আটকা পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকাতেও শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভরত শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।
শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভের বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
এদিকে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে একযোগে একাধিক শিল্পাঞ্চলে শ্রমিকদের সড়ক অবরোধের ঘটনায় তৈরি পোশাকশিল্পের স্বাভাবিক কার্যক্রম ও পরিবহন চলাচল ব্যাহত হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম