চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে ২০২২ সালের ডিসেম্বরে তিন হাজার স্মার্ট মিটার বসানোর পাইলট প্রকল্পের প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম ওয়াসার চার কর্মকর্তা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।
প্রকল্পটি ৫ কোটি ৭৯ লাখ টাকায় হাতে নেওয়া হয়েছিল। মিটার বসানোর কাজ প্রায় সাড়ে তিন বছর সময় নিয়েছিল এবং চলতি বছরের সেপ্টেম্বর মাসে কাজ সম্পন্ন হয়। বর্তমানে মিটারগুলির বিলিং কার্যক্রম চলছে।
যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কর্মকর্তাদের মধ্যে আছেন;ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ মাহবুবুল আলম,প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে,কম্পিউটার প্রোগ্রামার লুৎফি জাহান,স্থানীয় সরকার বিভাগের একজন প্রতিনিধি (নাম জানা যায়নি)
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম একটি পত্রিকাকে নিশ্চিত করেছেন যে, কর্মকর্তাদের বিদেশ সফরের প্রক্রিয়া অনেক আগে অনুমোদিত হয়েছে। সরকারের বা ওয়াসার কোনো খরচ এতে হবে না। এই সফর প্রকল্পের বাকি কাজ সম্পর্কিত কারিগরি ও সফটওয়্যার প্রশিক্ষণের জন্য।
জানা গেছে, মিটার স্থাপনের কাজ শেষ হওয়ার পরেও ঠিকাদারের অর্থায়নে কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রকল্পে মিটার সরবরাহ করেছে ‘উইংস ইনভেস্টমেন্ট এলএলসি’ প্রতিষ্ঠানটি।
চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তাদের বিদেশ সফর নতুন নয়। ২০১৯ সালে ২৭ কর্মকর্তা ও ১৪ মন্ত্রণালয়/দপ্তরের প্রতিনিধি প্রশিক্ষণের জন্য উগান্ডা সফরে গিয়েছিলেন, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল।
যুক্তরাষ্ট্র সফরের জন্য কর্মকর্তারা আগামী সোমবার ১৫ দিনের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়বেন।
রিপোর্টার্স২৪/এসসি