শ্রীনগর প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে মহাসড়কের ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে অবস্থার অবনতি হওয়ায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের নামপরিচয় এখনও জানানো যায়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের বাসটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
ঘটনায় বাসচালকের অসতর্কতা ও ঘন কুয়াশাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত বাসটি আটক রেখেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি