| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলেছে ৩৫ বস্তাভর্তি টাকা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ০৯:৫৩:২০:পূর্বাহ্ন  |  ১০৫৮৪০২ বার পঠিত
পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলেছে ৩৫ বস্তাভর্তি টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে ভক্তদের দানে আবারও বিপুল অর্থের সন্ধান মিলেছে। প্রায় তিন মাস ২৭ দিন পর শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টায় মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হলে সেখানে পাওয়া যায় ৩৫ বস্তা ভর্তি নগদ টাকা।

দানবাক্সগুলো খোলার পরপরই শুরু হয় টাকা গণনার কার্যক্রম। এ কাজে অংশ নিচ্ছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থীরা এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। সব মিলিয়ে প্রায় চার শতাধিক মানুষ এই গণনা কার্যক্রমে যুক্ত রয়েছেন।

সাধারণত প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার সময়ের ব্যবধান কিছুটা বেশি হওয়ায় অতিরিক্ত চাপ সামলাতে নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল। ফলে এবারে মোট ১৩টি দানবাক্স খোলা হয়।

এর আগে চলতি বছরের ৩০ আগস্ট প্রায় ৪ মাস ১৮ দিন পর দানবাক্স খোলা হলে রেকর্ড পরিমাণ ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া যায়। সেই সঙ্গে পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

শনিবারের এই দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুরো কার্যক্রম জুড়ে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪