| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেন্টমার্টিনগামী জাহাজের আগুনে নিহত ১

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১১:৩৭:০৮:পূর্বাহ্ন  |  ৩৪৭৩৭৩ বার পঠিত
সেন্টমার্টিনগামী জাহাজের আগুনে নিহত ১

রিপোর্টার্স২৪ ডেস্ক: কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনায় এক কর্মচারী নিহত হয়েছেন। তবে যাত্রার অপেক্ষায় থাকা ১৯৪ জন পর্যটক অল্পের জন্য নিরাপদে রক্ষা পেয়েছেন।

নিহত ব্যক্তি নুর কামাল (৩৫) ছিলেন ওই জাহাজের কর্মচারী। জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় তিনি জাহাজের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন।

জাহাজে আগুন লেগে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, কোস্টগার্ড এবং প্রশাসনের স্বেচ্ছাসেবক দল। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, নিহতের মরদেহ সম্পূর্ণ ভস্মীভূত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সী ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, আজ এই জাহাজে ১৯৪ জন পর্যটক সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল। সৌভাগ্যবশত কেউ জাহাজে ওঠেনি, তাই কোনো যাত্রী আহত হননি। যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে পাঠানো হয়েছে, বাকিরা রবিবার যাত্রা করবেন।

ঘাটে অপেক্ষমাণ পর্যটক মোহাম্মদ ওবায়দুল ইসলাম বলেন, “ভাগ্য ভালো ছিল, জাহাজে ওঠা হয়নি। নিজের চোখে আগুন জ্বলতে দেখেছি ভয়াবহ অভিজ্ঞতা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ নিরূপণ করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম বলেন, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুন লেগেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। সরকারি নিয়ম অনুসারে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক পরিবহনের জন্য ছয়টি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪