| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যা বললেন নগরবাউল

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড , আহত অন্তত ৩০

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৩:৩৯:০২:অপরাহ্ন  |  ৩২৮৩৭০ বার পঠিত
ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড , আহত অন্তত ৩০
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার,ফরিদপুর: ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে নগরবাউল জেমসের কনসার্ট বিশৃঙ্খলার কারণে পণ্ড হয়ে গেছে। বহিরাগত দর্শকদের ইটপাটকেল নিক্ষেপ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির জেরে অনুষ্ঠান বাতিল করা হয়। এ ঘটনায় আয়োজকদের চরম অব্যবস্থাপনা ও ব্যর্থতাকেই দায়ী করেছেন জেমস।

শুক্রবার রাতে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নগরবাউল জেমসের কনসার্ট। তবে বহিরাগত দর্শকদের সহিংস আচরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কনসার্ট বাতিল করা হয়।

নগরবাউল ও জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন একটি গণমাধ্যমকে জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেমস ফরিদপুরে পৌঁছান। অনুষ্ঠান শুরুর পরই সেখানে বিশৃঙ্খলার খবর পাওয়া যায়। তখন শিল্পী ও তাঁর টিম গেস্ট হাউসেই অবস্থান করছিলেন। রাত সাড়ে দশটার দিকে পরিস্থিতি চরম আকার ধারণ করলে আয়োজকরা কনসার্ট বাতিলের সিদ্ধান্ত জানান। এরপর জেমস ঢাকায় ফিরে যান।

এ বিষয়ে জেমস বলেন, ‘এটি সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা।’

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি কেবল নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল। তবে জেমসের কনসার্টের খবরে অনিবন্ধিত কয়েক হাজার বহিরাগত দর্শক অনুষ্ঠানস্থলে ভিড় করেন। ভেতরে প্রবেশে বাধা দিলে তাঁরা পাশের মুজিব সড়কে অবস্থান নেন। পরিস্থিতি সামাল দিতে বাইরে দুটি প্রজেক্টর বসানো হলেও তাতে উত্তেজনা কমেনি।

রাত সাড়ে নয়টার দিকে একদল বহিরাগত দেয়াল টপকে স্কুল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করেন। এতে বাধা দিলে তাঁরা মঞ্চ ও দর্শকদের দিকে একের পর এক ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে স্কুল প্রাঙ্গণের অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন। কয়েকজন দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়লে শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে।

পরিস্থিতি বিবেচনায় রাত ১০টার কিছু আগে নিরাপত্তা উপপরিষদের সদস্য ও ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বেনজীর আহমেদ তাবরীজ সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেন। তিনি জানান, বাইরে থেকে ছোড়া ইটের আঘাতে পুনর্মিলনী কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ ২০ থেকে ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জেমস আসার খবরে স্কুলের সামনে ২০ থেকে ২৫ হাজার মানুষ জড়ো হন। এত বিপুলসংখ্যক মানুষকে ভেতরে ঢোকানো সম্ভব ছিল না। বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞার কারণে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেষ পর্যন্ত পুরো পরিবেশনা বাতিল করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪