| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১ আহত ৩

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৫:২৫:৪৫:অপরাহ্ন  |  ১০৩২৮৪৪ বার পঠিত
মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১ আহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে ঢুকে পড়ায় একজন নিহত হয়েছেন, তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিশুতলা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইব্রাহিম হোসেন। তিনি মহেশপুর উপজেলার রাখালভোগা গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দর্শনা থেকে ছেড়ে আসা সাদা রঙের একটি প্রাইভেট কার মহেশপুরের দিকে যাচ্ছিল। শিশুতলা বাজার এলাকায় পৌঁছানোর পর গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি চায়ের দোকানে সজোরে ধাক্কা দেয়। এতে দোকানটি সম্পূর্ণ ভেঙে পড়ে এবং সেখানে অবস্থানরত কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম হোসেনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও আহত হয়েছেন রাখালভোগা গ্রামের বাবলু মন্ডল, ফতেপুর গ্রামের শহিদুল ইসলাম খুদে এবং কদমতলা গ্রামের নাসির উদ্দিন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কোটচাঁদপুর ও যশোরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪