দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টরচালকের পরিচয় শনাক্ত করা গেছে; তিনি জুহিন (২৩), দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ঢাকাগামী মোল্লা পরিবহনের একটি বাস ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাক্টরচালক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুজনের মৃত্যু হয়েছে। একজনের পরিচয় নিশ্চিত হলেও অপরজন বাস চালকের সহকারী নাকি যাত্রী, তা শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই মোল্লা পরিবহনের চালক বাস ছেড়ে পালিয়েছেন। তবে বাস ও ট্রাক্টর জব্দ করা হয়েছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/আয়েশা