নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদনে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধনপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- জোসনা আক্তার (৫০), শামীম মিয়া (৩৫), মমতা আক্তার (৫০), সাইফুল (৪০), হারুন অর রশীদ (৪২), শামছুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৩৬), সাদ্দাম হোসেন (২৮), তাইজুল হক (৩০), বিউটি আক্তার (৩৫), বিপুল মিয়া (২৭), দুলাল মিয়া (৬২), রুবি আক্তার (২৭), সিময়া (১৬), তাইজুল (৩৬), আব্দুল্লাহ (৪২), সাইফুল (৪০)। তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়াও আহত হয়েছেন- হাইজুল মিয়া (৪০), আমিরুল ইসলাম (৪০), শফিউল্লাহ (৪২), জসীম মিয়া (৩৮) ও হুমায়ূন কবীর (৪৫)। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, ধনপুর গ্রামের মতিউর রহমানের পক্ষ ও তাইজুল ইসলামের পক্ষের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ বিদ্যমান। গত এক মাস আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং এ নিয়ে থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার সকালে পূর্ব বিরোধের জেরে পুনরায় সংঘর্ষে উভয় পক্ষের ২২ জন আহত হন।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. নয়ন ঘোষ জানান, আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার বলেন, “ধনপুর গ্রামের জমিসংক্রান্ত বিরোধের কারণে কয়েকদিন আগেও সংঘর্ষ হয়েছে। আগের ঘটনায় মামলা চলমান রয়েছে। শনিবার সকালে আবার সংঘর্ষের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রিপোর্টার্স২৪/আয়েশা