চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে আগুনে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। আগুনে প্রায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৪০-৫০ লাখ টাকা হওয়া সম্ভব বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সাহার বাজারে অবস্থিত ‘জিহাদ ফাতেমা স্টোর’ নামে একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ আগুন লাগলে মুদি দোকানের মালিক জয়নাল আহমেদ দ্রুত বের হয়ে আসতে সক্ষম হলেও কর্মচারী সাব্বির হোসেন দোকানের ভিতরে আটকা পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে তিনি দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসকে অবহিত করেন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগে জিহাদ ফাতেমা স্টোরসহ আরও চারটি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- জয়নাল আহমেদের মুদি দোকান, ইমনের ফার্মেসি, টেলু গাজীর ফার্নিচার, নজরুল ইসলামের মাছের খাদ্যের দোকান এবং জহিরের ওয়ার্কশপ।
ফরিদগঞ্জ থানা পুলিশ নিহত সাব্বির হোসেনের মরদেহ উদ্ধার করে। সাব্বির হোসেন সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সালদহ এলাকার ছৈয়াল বাড়ির বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন জয়নালের মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কামরুল ইসলাম জানিয়েছেন, অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রিপোর্টার্স২৪/আয়েশা