জয়পুরহাট প্রতিনিধি: সম্প্রতি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর বিলের ঘাট এলাকায় চীনের প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান রাস লিথিয়াম টেকনোলজির একটি লিথিয়াম ব্যাটারি ফ্যাক্টরি চালু হয়েছে। এবার সেই ফ্যাক্টরির কার্যক্রম পরিদর্শনে এসেছে প্রতিষ্ঠানটির একটি পতিনিধিদল। অই দলে রয়েছেন চীনের ব্যবসায়ী মি. লুইস, রিতিকা, বাংলাদেশের ইঞ্জিনিয়ার শরীফ।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে চীন থেকে প্রতিনিধিদলের মি. লুইস ও রিতিকা জয়পুরহাটে পৌঁছান। এদিন বিলের ঘাটে আয়োজিত কনটেন্ট ক্রিয়েটর মিলনমেলায় তারা অংশগ্রহণ করেন এবং স্থানীয় উদ্যোক্তা, কনটেন্ট নির্মাতা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিনিধিদলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মি. লুইস বলেন, ‘আমরা ইতোমধ্যে জয়পুরহাটে একটি লিথিয়াম ব্যাটারি ফ্যাক্টরি চালু করেছি। ভবিষ্যতে ক্ষেতলাল বিলের ঘাট এলাকাকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক নগরী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও জানান, লিথিয়াম প্রযুক্তি, শিল্প উৎপাদন এবং ভবিষ্যৎ বিনিয়োগের মাধ্যমে জয়পুরহাটকে একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে পরিণত করাই তাদের মূল লক্ষ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, রাস লিথিয়াম টেকনোলজি’র এই আগমন ক্ষেতলালসহ জয়পুরহাট অঞ্চলের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব