চট্টগ্রাম প্রতিনিধি: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযানে ৪৪০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস শাখা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
কাস্টমস সূত্র জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৯টা ৫২ মিনিটে দুবাই থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৪৪-এর এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। আটক যাত্রীর নাম মিনহাজুল করিম সজীব, ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
সেটির সঙ্গে আন্তর্জাতিক আগমনী হলের লাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় আরও ২৪০ কার্টন সিগারেট পাওয়া যায়। উদ্ধার করা সিগারেটের প্রাক্কলিত রাজস্ব মূল্য ২৯ লাখ ৮০ হাজার টাকা।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সিগারেটগুলো ডিপার্টমেন্টাল মেমোরেন্ডামে (ডিএম) জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক যাত্রীকে কাস্টমস শাখা সতর্ক করে ছেড়ে দিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি