রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে কলকাতা নাইট রাইডার্স শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
কলকাতা নাইট রাইডার্সের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের পরবর্তী পর্বের আগে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে।
আইপিএলের নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে আইপিএল থেকে মোস্তাফিজকে নিষিদ্ধ করার দাবিতে ভারতের কিছু কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আন্দোলন করে আসছিল।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তারা নিতে পারবে। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি