লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা করে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করা হয় শহরের চক বাজার জামে মসজিদে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান হাসিব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরানসহ আরও অনেকে।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং দেশের প্রতি তার গভীর ভালোবাসা স্মরণ করেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অধ্যায়। তার আপসহীন নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
পরবর্তী মোনাজাতে আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়, যেন তিনি মরহুম নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন। এছাড়া দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিরা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/এসসি