চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে জানে আলম নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ওই সময় জানে আলমকে লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে তাঁর বুকে দুটি গুলি লাগে। ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তাঁর মৃত্যু হয়।
এ সময় ফেসবুক লাইভে হাসপাতালের পথে থাকা এক ব্যক্তি জানান, দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গেছে এবং জানে আলম গুরুতর আহত হয়েছেন।
নিহত জানে আলম যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি রাউজানের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/এসসি