পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামের এক নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রিফাতকে (২১) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে হোটেল লাবিবা সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরিফা আক্তার বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দরের বারোগতি এলাকার বাসিন্দা আবদুল খালেক হাওলাদারের মেয়ে। তাঁর স্বামী রিফাত একই এলাকার বাসিন্দা এবং প্রয়াত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে। জানা গেছে, প্রায় চার মাস আগে প্রেমের সম্পর্কের পর তাঁদের বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর চার মাস আগে স্বামী-স্ত্রী কুয়াকাটায় এসে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। পরিবারের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল সীমিত। রিফাত স্থানীয় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। দাম্পত্য জীবনে তাঁদের মধ্যে প্রায়ই কলহ ও ঝগড়া হতো বলে জানান স্থানীয়রা।
প্রতিবেশী আক্কাস বলেন, রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের পাশে বসে কান্না করছিলেন রিফাত। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং স্বামীকে হেফাজতে নেয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে। ঘটনার তদন্তে পটুয়াখালী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে আসছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি