| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৩:৪২:২৭:অপরাহ্ন  |  80547 বার পঠিত
নরসিংদীতে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীকে কুপিয়ে হত্যা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মনি চক্রবর্তী পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুলতানপুর গ্রামে বসবাস করে চরসিন্দুর বাজারে মুদি দোকান পরিচালনা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন মনি। সুলতানপুরে নিজ বাড়ির কাছাকাছি পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রনি চক্রবর্তী জানান, তারা একসঙ্গেই দোকান বন্ধ করে বের হয়েছিলেন। পরে পথে ভাইয়ের ওপর হামলার খবর পান। তাঁর ভাষ্য অনুযায়ী, মনি চক্রবর্তীর কোনো শত্রু ছিল না এবং তিনি এলাকায় একজন ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারালো অস্ত্র দিয়ে মাথার পেছনে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে নিহতের মোটরসাইকেল, মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা অক্ষত অবস্থায় পাওয়া গেছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪