| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৮:২৯:০৫:অপরাহ্ন  |  76163 বার পঠিত
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে সরেজমিন অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে দুদকের রাঙ্গামাটি জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেন। তাঁর সঙ্গে উপসহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও সহকারী পরিদর্শক মো. আবু সাদেক অংশ নেন।

অভিযান চলাকালে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর উপস্থিত ছিলেন। দুদকের দল হাসপাতালের বহির্বিভাগ, ওয়ার্ড, ওষুধ সংরক্ষণাগারসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করেন।

এ সময় হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি নিয়ে অসঙ্গতি এবং ওষুধ সরবরাহ ব্যবস্থায় ঘাটতির প্রাথমিক প্রমাণ পাওয়া যায় বলে জানায় দুদক। একাধিক বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্টাফদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়।

দুদকের সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, জাতীয় হটলাইনে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালনের ক্ষেত্রে গাফিলতির অভিযোগ পাওয়া গেছে। বিষয়গুলো খতিয়ে দেখে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে, যা দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

তিনি আরও বলেন, হাসপাতাল চত্বরে পুরোনো ভবনের পাশেই একটি নতুন ভবন নির্মাণ করা হলেও সেটি দীর্ঘদিন ধরে চালু করা হয়নি। ফলে জেলার সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। নতুন ভবন চালুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে, সেটিও তদন্তের আওতায় আনা হবে।

দুদক জানিয়েছে, তদন্ত শেষে অনিয়মের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪