গোপালগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬-এর গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গোপালগঞ্জ ও কোটালীপাড়ায় প্রচারণা কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কোটালীপাড়া উপজেলায় পৌঁছায় ‘ভোটের গাড়ি’। দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচন কমিশনের উদ্যোগে সারা দেশের মতো গোপালগঞ্জ জেলাতেও এই সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে, যা আগামীকাল পর্যন্ত চলবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘সুপার কারাভান’ বহরের অংশ হিসেবে ভ্রাম্যমাণ গাড়িটি প্রথমে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে প্রচারণা চালায়। পরে বিকেল ৪টায় গোপালগঞ্জ শহরের পৌরপার্কে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
দেশব্যাপী চলমান এই কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের নির্বাচিত অংশ প্রদর্শন করা হয়।
গোপালগঞ্জ পৌরপার্কে আয়োজিত প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা অনুষ্ঠানে অংশ নেন।
ভোটের গাড়িতে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে, সাউন্ড সিস্টেম ও ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে ভোটারদের সামনে তুলে ধরা হয় জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয়, গোপন ব্যালটের নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, দেশের চাবি আপনার হাতে প্রতিপাদ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী এই কর্মসূচি গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
রিপোর্টার্স২৪/ঝুম