| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ২১:০৩:৪৮:অপরাহ্ন  |  44424 বার পঠিত
দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ

রংপুর প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে দলীয় নেতাদের দুর্নীতিসহ নানা কারণে ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করেছেন গোলাম রব্বানী নামে বিএনপির এক নেতা। পদত্যাগ করা ওই নেতা উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বদরগঞ্জের লোহানীপাড়া ইউনিয়নের মণ্ডলের হাট বাজারে দুধ দিয়ে গোসল করার পর তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের কারণ হিসেবে গোলাম রব্বানী জানান, ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতিসহ নানা কারণে ক্ষুব্ধ হয়ে তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এর আগে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতির কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে কটাক্ষ ও সমালোচনার শিকার হয়ে আসছি দীর্ঘদিন ধরে। তাই নিজের ও পরিবারের সম্মানের কথা চিন্তা করে বাধ্য হয়ে দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

অন্য কোনো দলে যোগদান প্রসঙ্গে গোলাম রব্বানী বলেন, মাত্র বিএনপি থেকে পদত্যাগ করলাম, যদি অন্য কোনো দলের আদর্শ ভালো লাগে তাহলে সেখানে যোগদান করব। 

এদিকে ঘটনাস্থলে পদত্যাগের ঘটনা প্রত্যক্ষকারী স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে কেউ ভালোভাবে নিলেও অনেকেই সন্দেহের দৃষ্টিতে দেখছেন। তবে ব্যতিক্রমী এই পদত্যাগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, গোলাম রব্বানী মূলত জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিএনপির দলীয় কোনো কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন না। কীভাবে ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হয়েছে সেটা অনেকেই জানেন। এখন সময় বুঝে ঘরের ছেলে ঘরে ফিরে গেলো। 

উল্লেখ্য, গত বছরের ৩০ এপ্রিল নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে লোহানীপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে গোলাম রব্বানীকে সভাপতি এবং আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪