শেরপুর প্রতিনিধি: শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের রঘুনাথ বাজার এলাকার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
বিএনপিতে যোগদান করা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, ফারহান ফুয়াদ তুহিন (প্রধান সমন্বয়ক ও মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখা ), আরাফাত রহমান তালুকদার (সমন্বয়ক ও সিনিয়র সংগঠক বৈষম বিরোধী আন্দোলন শেরপুর জেলা শাখা), নাহিদ আহম্মেদ নিলয় (সমন্বয়ক ও সিনিয়র সংগঠক), মনিবুল ইসলাম (সিনিয়র যুগ্ম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখা) ও আশিকুর রহমান আশিক ( সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখা )। তাদেরসহ শেরপুর জেলার প্রায় তিন শতাধিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে শেরপুর জেলা বিএনপিতে যোগদান করেন।
যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সানসিলা জেবরীন প্রিয়াঙ্কা।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর থানা বিএনপির আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল।
বিএনপিতে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফারহান ফুয়াদ তুহিন। তিনি বলেন,২০২৪ সালের আন্দোলনটি ছিল আমাদের অধিকার আদায়ের আন্দোলন। সেই সময় আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থেকে তা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু সেই স্বপ্ন পূরণ সম্ভব হয়নি।
তিনি আরও বলেন,আমরা বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা লালন করি, তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বাস্তবায়ন সম্ভব। সেই বিশ্বাস থেকেই আজ শেরপুর জেলার প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছি।
বিএনপির স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, এই যোগদানের মাধ্যমে শেরপুরে দলটির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির গণভিত্তি বিস্তৃত হবে।
রিপোর্টার্স২৪/এসসি