| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ০৯:৫৮:৫৯:পূর্বাহ্ন  |  ৯৯১২৮১ বার পঠিত
নওগাঁয় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা নতুন মাত্রা পেয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলায়। বুধবার (৭ জানুয়ারি) জেলার বদলগাছী উপজেলায় তাপমাত্রা নেমে আসে ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমের সর্বনিম্ন বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বুধবার সকাল পর্যন্ত দেশের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছীতে। ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের দিন মঙ্গলবার (৬ জানুয়ারি) নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে চার ডিগ্রি, যা শীতের তীব্রতা হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে।

তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে উত্তরের হিমেল বাতাস শীতকে আরও অসহনীয় করে তুলেছে। দিনের বেলাতেও সূর্যের দেখা মিলছে খুব কম। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। সকালে ও সন্ধ্যায় সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে খেটে খাওয়া মানুষের ওপর। শহরের বরুণকান্দি এলাকার রিকশাচালক দবিরুল ইসলাম বলেন, দুই দিন ধরে শীত খুব বেশি। ঠান্ডার কারণে মানুষ বাইরে বের হচ্ছে না। যাত্রী না থাকায় আগের মতো ভাড়া পাওয়া যাচ্ছে না। তবুও পেটের দায়ে রিকশা চালাতে হচ্ছে।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ হামিদুল হক জানান, জেলায় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা এই মৌসুমের সর্বনিম্ন। আকাশে মেঘের উপস্থিতি ও বাতাস থাকার কারণে শীতের অনুভূতি আরও বেশি হচ্ছে বলে তিনি জানান।

আবহাওয়াবিদদের ভাষ্যমতে, যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে সেটি মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। আর তাপমাত্রা ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রির নিচে নেমে গেলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

বর্তমান তাপমাত্রা অনুযায়ী নওগাঁ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪