বেনাপোল প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বেনাপোল বন্দরে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ১টা ৩০ মিনিটের দিকে বেনাপোল স্থলবন্দর ৩ নম্বর গেটের সামনে বেনাপোল–যশোর মহাসড়কে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি. নং ৮৯১ ও ৯২৫)-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
শ্রমিক সংগঠন ৮৯১-এর সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নুরুজ্জামান লিটন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এমপি প্রার্থী নুরুজ্জামান লিটন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন দেশনেত্রী। সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন লড়াই করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হয়েছে।”
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। তিনি জানান, শ্রমিকদের পক্ষ থেকে প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও শ্রমিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মো. সাইদুল বাশার।
এ ছাড়া দোয়া মাহফিলে অংশ নেন শার্শা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, শার্শা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৮৯১-এর সাধারণ সম্পাদক লিটন হোসেন, শার্শা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং দুই শ্রমিক সংগঠনের কয়েকশ শ্রমিক।
উল্লেখ্য, রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়। দাফনের আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষের সমাগম ঘটে।
রিপোর্টার্স২৪/এসএন