চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মানদী ও নদীর তীরবর্তী এলাকায় অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ৪ নং গাজিরটেক ইউনিয়নের নতুন দোকান সংলগ্ন জয়দেব সরকারের ডাঙ্গী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জায়েদ হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্টদের ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, পূর্ব বি এস ডাঙ্গী একটেল টাওয়ার সংলগ্ন মোল্লা মিলের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ৮৯ ধারা লঙ্ঘনের জন্য জরিমানা আদায় করা হয়।
প্রশাসনের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল ডেজার ও ভেকু ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল, যা নদী ও শহর রক্ষা বাঁধের নিরাপত্তা হুমকির মুখে ফেলছিল। এছাড়া অবৈধ উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষিজমি, বসতভিটা ও যোগাযোগ ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ছে।
উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী ভূমি আইন অনুসারে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান চলবে এবং অবৈধ বালু উত্তোলনে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এছাড়া স্থানীয় জনগণকে সচেতন থেকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
একাধিক স্থানীয় মহল মোবাইল কোর্ট অভিযানের কার্যকারিতা প্রশংসা করে বলেন, যারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করে তারা দেশের পরিবেশ ও সমাজের জন্য হুমকি। এ ধরনের অপরাধীদের কোনো ছাড় দেওয়া যাবে না।