সিলেট প্রতিনিধি: মনোনয়নপত্র যাচাই-বাছাইকে কেন্দ্র করে সিলেটে সৃষ্ট পক্ষপাত ও ঘুস লেনদেনের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ১০ কোটি টাকা তো দূরের কথা, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে কেউ কিনতে পারবে না। যদি এক টাকার ঘুসের প্রমাণ আসে, সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দেবো।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিসি সারওয়ার বলেন, আমি দুর্নীতি করি না এবং কোনোভাবেই করতে দেবো না। এ ধরনের ভুয়া খবর ছড়ানো হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের প্রচারণা শুধুই মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
ডিসি সারওয়ার আরও জানিয়েছেন, সিলেট-১ আসনের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী এহতেশাম হকের পক্ষ থেকে পক্ষপাতের অভিযোগ তোলা হলেও তা সঠিক নয়। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় কোনো পক্ষপাত বা আর্থিক লেনদেনের প্রশ্নই আসে না। যারা নাগরিকত্ব ত্যাগের প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন, তাদের মনোনয়ন বৈধ; যাদের নথি নেই, তাদের মনোনয়ন বাতিল হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, প্রমাণ না থাকলে ভবিষ্যতে নির্বাচিত হলেও সদস্যপদ অবৈধ হবে।
রিপোর্টার্স২৪/বাবি