ভাঙ্গা প্রতিনিধি: বাড়ি থেকে বেড়িয়ে ওরশে যাওয়ার পথে ভ্যান গাড়ির চাকায় কাপড় জড়িয়ে প্রাণ হারালেন বৃদ্ধ আইয়ুব আলী ব্যাপারী( ৭৫)। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ছোট পাল্লা গ্রামের বাসিন্দা আইয়ুব আলী। গতকাল মঙ্গলবার বিকেলে সদরপুরের চন্দ্রপাড়া সড়কে ভ্যান গাড়িতে আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উন্নত চিকিৎসার জন্য বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে নাসিরাবাদ ইউনিয়ন সংরক্ষিত নারী সদস্য মঞ্জু বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রপাড়া পাক দরবার শরীফের মুরিদান ছিলেন আইয়ুব আলী। দরবার শরীফের বার্ষিক ওরস উপলক্ষে ভ্যানযোগে চন্দ্রপাড়া দরবার শরীফ যাওয়ার পথে অসতর্কতাবশত শরীরের কাপড় ভ্যানের চাকায় জড়িয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
গুরুতার আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর সদরপুর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে জরুরীভাবে বুধবার সকালে জেলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টার্স২৪/বাবি