রিপোর্টার্স২৪ ডেস্ক: শরীয়তপুরের জাজিরায় বসতঘরে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে সোহান বেপারী নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে।
নিহত সোহান বেপারি বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দির দেলোয়ার বেপারির ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে বিকট বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছান। বিস্ফোরণের ফলে টিনের ঘরের দেয়াল ও চালা উড়ে যায়। কিছু দূরে একটি রসুন ক্ষেতের পাশে সোহানের মরদেহ পড়ে থাকতে দেখা যায়, যা স্থানীয়রা পুলিশকে জানান। পরে জাজিরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, ভোর ৪টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। উদ্ধারকৃত মরদেহের পাশাপাশি ওই ঘরের ভেতরে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির আলামত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ঝুম