| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক সংস্কারের নামে হরিলুট

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৩:৩৭:৫৪:অপরাহ্ন  |  68421 বার পঠিত
সড়ক সংস্কারের নামে হরিলুট

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ এনে ঝাড়ুমিছিল করেছে স্থানীয়রা। এ সময় তারা দীর্ঘক্ষণ ঢাকা–লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে ঢাকা–লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী অংশে এমন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী এলাকাবাসী।
এদিকে অবরোধের ফলে লক্ষ্মীপুর ও চৌমুহনীগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার আওতাভুক্ত যানবাহন চলাচলের সুযোগ করে দিচ্ছেন আন্দোলনকারীরা।

সড়ক অবরোধের ফলে যাত্রী ও চালকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, এভাবে সড়ক অবরোধের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এভাবে সড়ক অবরোধ না করে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে বিষয়গুলো সমাধান করা উচিত। আবার কেউ কেউ বলছেন, এতে সাময়িক দুর্ভোগ হলেও দুর্নীতিগ্রস্ত দপ্তর ও লোকবলের টনক নড়বে।

স্থানীয়রা বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত সড়কে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলে রাস্তাটি সংস্কারের কয়েক দিনের মধ্যেই বেশ কিছু অংশ ভেঙে গেছে। যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কটি পুনরায় সংস্কারের উদ্যোগ নিতে হবে। না হলে স্থানীয়দের দুর্ভোগ আরও বাড়বে। আগামী বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এ সড়ক।

আন্দোলনকারী আবুল হাসান সহেল বলেন, অনিয়মের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচি। সড়কটি পুনরায় সংস্কারের দাবি আমাদের।
নতুবা এলজিইডি অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, রাস্তার কাজের বিষয়ে আমরা অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেবেন। আশা করি দ্রুতই একটি সমাধানে আসতে পারব।
আজকের আন্দোলনের বিষয়ে আমরা অবগত নই।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪