লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের কাজের প্রতিবাদে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে বটতলী এলাকায় ঢাকা ও লক্ষ্মীপুর মহাসড়কের একটি অংশে এই কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং লক্ষ্মীপুর ও চৌমুহনীমুখী সড়কে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে।
অবরোধের সময় আন্দোলনকারীরা মানবিক দিক বিবেচনায় অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলের সুযোগ দেন। তবে সাধারণ যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
কিছু যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছে। আবার অনেকে মনে করেন, দুর্নীতির বিরুদ্ধে এমন কঠোর কর্মসূচিই সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদারদের জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করাতে পারে।
স্থানীয়দের অভিযোগ, বটতলী দত্তপাড়া সড়কে সংস্কার কাজে ব্যাপক অনিয়ম করা হয়েছে। নিম্নমানের উপকরণ ব্যবহারের ফলে সংস্কারের কয়েকদিনের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। এতে যানবাহন চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে। তারা আশঙ্কা করছেন, দ্রুত পুনরায় সংস্কার না করা হলে বর্ষা মৌসুমে সড়কটি সম্পূর্ণ অচল হয়ে পড়বে।
আন্দোলনকারী আবুল হাসান সহেল বলেন, আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি করছি না। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এই সড়ক নতুন করে মানসম্মতভাবে সংস্কার করতে হবে। দাবি মানা না হলে এলজিইডি কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, সড়ক সংস্কার কাজের বিষয়ে আমরা অবগত হয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আশা করছি দ্রুতই একটি সমাধানে পৌঁছানো যাবে। তবে আজকের আন্দোলনের বিষয়ে আমাদের আগে থেকে কোনো তথ্য ছিল না।
স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, জনগণের টাকায় করা উন্নয়ন কাজে যদি এভাবে লুটপাট চলে, তবে সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকবে না।
রিপোর্টার্স২৪/ঝুম