শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা নিয়ে এই সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। সভার শুরুতেই নভেম্বর-ডিসেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য ও চৌকস দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের ১০ জন বিভিন্ন পদমর্যাদার সদস্যকে আলাদা আলাদা ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
এরপর জেলার প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ, চলমান মামলার অগ্রগতি ও নিষ্পত্তির হার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে থানা এলাকায় মাদক উদ্ধার কার্যক্রম জোরদার, পরোয়ানা তামিলের হার বৃদ্ধি এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশি তৎপরতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
সভায় পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে থানা পর্যায়ের পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এ সময় তিনি জনগণের আস্থা অর্জনে স্বচ্ছতা ও মানবিক আচরণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠলেই অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ইন্সপেক্টর (তদন্ত)গণসহ গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/ঝুম