গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে এনসিপির এক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তবে সৌভাগ্যক্রমে ওই নেতার শরীরে গুলি লাগেনি। তিনি এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য হাবিব চৌধুরী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর বাসন থানাধীন মোগরখাল জুগীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল্লা আল মুহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাবিব চৌধুরী অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপন দেখে এক যুবক মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তাকে মোগরখাল এলাকার একটি ফাঁকা স্থানে ডেকে নেয়।
তিনি বলেন, মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে দুই ছিনতাইকারী বাইকটি চালু করে। এরপর হাবিব চৌধুরীকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী হাবিব চৌধুরী বলেন,আমার বাইকের বাজারমূল্যের চেয়ে তারা কিছুটা বেশি দাম বলেছিল। একজন বাইকের কাগজ দেখতে নেয়, আরেকজন চালিয়ে দেখার কথা বলে কিছু দূরে গিয়ে হঠাৎ আমাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে।
গুলির শব্দ শুনে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তিনি বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি