ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের নিয়মনীতি এবং সাধারণ ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গণভোটের গাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গায় অবস্থান করছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে এই ভোটের গাড়ির মাধ্যমে জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরে প্রচার-প্রচারণামূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে প্রবাসীদের ভোট প্রদানের নিয়মনীতি সম্পর্কিত ভিডিওচিত্রও প্রদর্শিত হয়।
ভোটের গাড়ির টিম লিডার তীর্থ রায়ের নেতৃত্বে ঐতিহাসিক ঈদগাঁ মাদরাসা মসজিদ মাঠ সংলগ্ন এলাকায় বিকেল তিনটার দিকে জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের স্মৃতিময় ভিডিও চিত্র প্রদর্শনের পাশাপাশি বিদেশে কর্মরত দেশের সন্তানরা কীভাবে সঠিক উপায়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে বিষয়ে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এটিই ভোটের গাড়ির প্রচারণার মূল লক্ষ্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের “গণভোট ২০২৬—জাতীয় সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে” স্লোগানসংবলিত বিশেষ গাড়িটি সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান করে। ফলে ভোটের মাঠের চলমান হাওয়ায় ভাঙ্গা উপজেলায় গণভোটের গাড়ি অবস্থান করতে দেখে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ভোট উৎসবের আমেজ পরিলক্ষিত হয় এবং এলাকায় ব্যাপক সাড়া জাগে।
এ সময় ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের, উপজেলা নির্বাচন অফিসার হোসনূল আরা তীন সোফিয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন