সিনিয়র রিপোর্টার: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে চিহ্নিত থাকবেন এবং বিদ্যমান আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন।
চেম্বার আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির এই প্রার্থী ঋণখেলাপি হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবেন না।
এর আগে ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন একটি হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ প্রদান করেন। তবে ওই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিপোর্টার্স২৪/এসসি