মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে গত সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার চারজনকে আসামি করে মহম্মদপুর থানায় মামলা করেন। মামলার পর বুধবার (৭ জানুয়ারি) দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার আসামিরা হলেন,মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের সিজান মাহমুদ (২০), নাফিজ আহম্মেদ (২২), রুবেল শেখ (২৪) ও মো. সুমন শেখ (২৫)। এর মধ্যে সিজান মাহমুদ ও নাফিজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দুজনই গত বছরের ২০ এপ্রিল ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহম্মদপুর উপজেলা কমিটির সদস্য ও মুখপাত্র ছিলেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা আহ্বায়ক সেলিম দাবি করেন, যে কমিটিতে তাঁদের নাম অন্তর্ভুক্ত ছিল, সেটি মাত্র দুই দিনের মাথায় বাতিল ঘোষণা করা হয়। বর্তমানে ওই কমিটির কোনো বৈধতা নেই।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসে থাকেন। তিনি পাশের জেলা ফরিদপুরের একটি পাটকল কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার দিন রাত ১০টার দিকে কাজ শেষে কারখানার গাড়িতে করে বাড়ি ফেরার পথে বাস থেকে নামার পর পূর্বপরিচিত সিজান মাহমুদ তাঁর সঙ্গে দেখা করেন।
এ সময় অন্য তিন আসামি এসে তাঁকে ঘিরে ধরেন। অভিযোগে বলা হয়, ভুক্তভোগী নারীর পাশে দাঁড়িয়ে সিজান মাহমুদ অবস্থান করলে নাফিজ আহম্মেদ মুঠোফোনে ভিডিও ধারণ করেন। ওই ভিডিও ইন্টারনেটে এবং গ্রামবাসী ও আত্মীয়স্বজনের মধ্যে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রাত সাড়ে ১১টার দিকে চারজন মিলে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার কথা কাউকে জানালে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
গ্রেপ্তার দুই আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। অপর দুই আসামি পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানান, ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ঘটনার সময় পরিহিত কাপড়চোপড় সংগ্রহ করা হয়েছে। আদালতের মাধ্যমে ভুক্তভোগী নারী ও আসামিদের ডিএনএ পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি