সিনিয়র রিপোর্টার: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের ডাকা সারাদেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেওয়ার পর সংগঠনের সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, বৈঠকে এলপিজি ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, এলপিজি বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ নিশ্চিত করা।
বৈঠকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ব্যবসায়ীদের দাবির বিষয়ে আশ্বাস দেন। তিনি জানান, চলমান প্রশাসনিক অভিযান সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে এবং বিতরণকারী ও খুচরা পর্যায়ের চার্জ বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিইআরসি চেয়ারম্যান আরও বলেন, এলপিজি অপারেটরদের সংগঠন জানিয়েছে, জাহাজ সংকট থাকা সত্ত্বেও বিকল্প ব্যবস্থার মাধ্যমে এলপিজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে আগামী সপ্তাহের মধ্যে এলপিজি সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।
উল্লেখ্য, বুধবার এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বৈঠকের পর সেই কর্মসূচি প্রত্যাহার করা হলো।
রিপোর্টার্স২৪/এসসি