| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ২০:৪৯:৫৮:অপরাহ্ন  |  ১০০১৬৩৬ বার পঠিত
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঝুটের গুদামে লাগা ভয়াবহ আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের টানা অভিযানে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কোনাবাড়ীর দেউলিয়া বাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ একটি গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে গুদামে বিপুল পরিমাণ দাহ্য ঝুট মজুত থাকায় এবং বাতাসের তীব্রতার কারণে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আরও কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট পাঠানো হয়। পাশাপাশি গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালকের নেতৃত্বে আরও একটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ঘটনাস্থলের আশপাশে প্রায় শতাধিক ঝুটের গুদাম থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সাধারণত এই এলাকায় পানির উৎসের সংকট থাকে। তবে এবার ঘটনাস্থলের পাশে একটি পুকুর এবং স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে পানি পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সুবিধা হয়েছে।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

অগ্নিঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, কোনাবাড়ী এলাকায় যত্রতত্র গড়ে ওঠা ঝুটের গুদামগুলোর বেশিরভাগই আইন মেনে নির্মিত নয়। ফায়ার সেফটি ব্যবস্থা ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই এসব গুদাম পরিচালিত হচ্ছে। আমরা মালিকদের বারবার সচেতন করছি, কিন্তু তারা নিয়ম মানছেন না। এ বিষয়ে শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে একাধিক ঝুটের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪