বেনাপোল প্রতিনিধি: যশোরে স্বামীর নির্যাতনে নারী আইনজীবী অনিকা সরকার (২৭) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা রাতে সদর উপজেলার পুলেরহাটে ভাড়া বাড়িতে তাকে মারধরের ঘটনা ঘটে। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মণিরামপুর উপজেলার মশ্মিমনগর গ্রামের লিয়াকত আলীর ছেলে আসাদুজ্জামানের সঙ্গে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার আব্দুল আজিজ সরকারের মেয়ে অনিকার ফেসবুক পরিচয়ের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা যশোর সদরের পুলেরহাটে ভাড়া বাড়িতে বসবাস করছেন।
বিয়ের কয়েক মাসের মধ্যে অনিকা জানতে পারেন, আসাদুজ্জামান মাদকাসক্ত। মাদকের টাকা না পেলেই সংসারে অশান্তি সৃষ্টি করতেন এবং তাকে মারধর করতেন।
আইনজীবী অনিকা সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। সহ্য করতে না পেরে তিনি ৯৯৯-এ কল করেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার রাহুল ঘোষ জানান, অনিকার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। বর্তমানে মহিলা সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলমান।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, অনিকা সরকারের লিখিত অভিযোগ পেলে তার স্বামী আসাদুজ্জামানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি