রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ঢুকে পড়েছে একটি বাস, ঘটনায় তিনজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নাফিজ আহমেদ অয়ন, মেরচেন্ট নেভির কর্মকর্তা। তার বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। জানা গেছে, ১০ দিনের ছুটি শেষে তিনি ঢাকা হয়ে মাদারীপুরে কর্মস্থলে ফিরছিলেন। বাকি নিহতদের পরিচয় এখনও জানানো যায়নি।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। তারা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার এবং মরদেহ তোলার কাজ পরিচালনা করা হয়। তিনি জানান, দুর্ঘটনাটি মূলত ঘটে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকে স্লিপার বাস (সেন্টমার্টিন ট্রাভেলস) ঢুকে পড়ায়।
রিপোর্টার্স২৪/ঝুম