নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার একটি কথাই বলেছেন। তিনি আজকে নয়, এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরেই নয়—বরং ২০২০ ও ২০২২ সাল থেকেই একটি কথা বারবার বলে আসছেন।
নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যদি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় সমর্থন ও ম্যান্ডেট দেয়, বিএনপি যদি ২৫০-এর বেশি আসনে জনগণের ভোটে নির্বাচিত হয়, তারপরও তারেক রহমান বলেছেন—দেশ পরিচালনার জন্য তিনি সব রাজনৈতিক দলকে সঙ্গে নেবেন। যাদের সংখ্যা হয়তো কমও হতে পারে, তবুও দেশ পরিচালনার জন্য যোগ্য ও অভিজ্ঞদের সঙ্গে নিয়েই তিনি রাষ্ট্র পরিচালনা করবেন।
তিনি আজ শুক্রবার বেলা ১২টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ সরকারের সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সম্প্রীতি সমাবেশ এবং নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্য ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি নূর হোসেন সুমন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য রুহুল আমিন তালুকদার টগর, শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, নাটোর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহাগসহ বিএনপি ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসএন