| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুরভীর মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ০১:১৮:৩৬:পূর্বাহ্ন  |  47363 বার পঠিত
সুরভীর মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

গাজীপুর প্রতিনিধি: জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহদী এ আদেশ দেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে আদালত থেকে গাজীপুরের পুলিশ সুপার বরাবর এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করা হয়। এরপর ২৮ ডিসেম্বর তার পরিবারের পক্ষ থেকে জামিন আবেদন করা হলেও মামলায় জামিন অযোগ্য ধারা থাকায় আদালত আবেদন নামঞ্জুর করেন। পরদিন ২৯ ডিসেম্বর পাঁচ দিনের পুলিশি রিমান্ড চেয়ে আবেদন করা হলে শুনানির তারিখ নির্ধারণ করা হয় ৩১ ডিসেম্বর।

তবে সরকারি ছুটি ও একজন আইনজীবীর মৃত্যুর কারণে শুনানি পিছিয়ে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ওইদিন সুরভীকে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হলে শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সুরভীর একটি জন্মসনদ ছড়িয়ে পড়লে তার বয়স নিয়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি আদালতের নজরেও আসে।

ওইদিন বিকেলে সুরভীর পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান রিমান্ড আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ রিভিশন আবেদন করেন। সন্ধ্যায় উভয় পক্ষের শুনানি শেষে ভারপ্রাপ্ত জেলা জজ অমিত কুমার দে সুরভীর রিমান্ড বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

একই সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। আদালতের আদেশের অনুলিপি গাজীপুরের পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন আদালতের আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪